লিবিয়ায় মাফিয়ার হাতে জিম্মি মেহেদী, মুক্তিপণ ২০ লাখ টাকা দাবি
- আপডেট সময় : ০৬:৫৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাসিন্দা ৩০ বছর বয়সী মেহেদী হাসান বর্তমানে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। স্থানীয় একটি কম্পিউটারের দোকানে চাকরি করে সংসার চালানো মেহেদী ইউরোপে পাড়ি জমানোর আশায় দালালের প্রলোভনে পড়েছিলেন। পরিবারের অভিযোগ, ‘সাগর’ নামের এক দালালের মাধ্যমে ২২ লাখ টাকার চুক্তিতে তিনি ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেন।
চুক্তির অংশ হিসেবে ভিটেবাড়ি বন্ধক রেখে এবং ধারদেনা করে ২০২৫ সালের সেপ্টেম্বরে মেহেদী লিবিয়ায় পৌঁছান। সেখানে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই তিনি মাফিয়াদের হাতে আটক হন। অপহরণকারীরা মেহেদীকে আটকে রেখে নির্যাতনের ভিডিও বাড়িতে পাঠালে তার পরিবার চরম আতঙ্কে পড়ে যায়। ছেলেকে উদ্ধারের আশায় পরিবারটি আবারও ভিটেবাড়ি বন্ধক ও ধারদেনা করে প্রায় ১৭ লাখ টাকা দালালের মাধ্যমে পাঠায়। কিন্তু সেই টাকা দেওয়ার পরও মেহেদীর মুক্তি মেলেনি।
বর্তমানে প্রায় তিন মাস ধরে মেহেদী মাফিয়াদের কব্জায় বন্দি রয়েছেন। মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা এখন আরও ২০ লাখ টাকা দাবি করছে। বিপুল পরিমাণ এই টাকা জোগাড় করার মতো সামর্থ্য নেই পরিবারটির। মেহেদীর বাবা রহমান শিকদার ও তার মা ছেলের শোকে ও দুশ্চিন্তায় দিন গুনছেন। পরিবারটির দাবি, দালালের মাধ্যমে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখিয়ে মেহেদীকে যে বিপদে ফেলা হয়েছে, এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে। তারা দ্রুত মেহেদীকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচএম ইব্নে মিজান বলেন, অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়। তিনি জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।





























