চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:১৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা (এম.আর) ক্যাচ-আপ টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি।
হামের প্রাদুর্ভাব রোধে সরকার দ্বিতীয় দফায় এই টিকাদান ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাদ পড়া সকল শিশুকে টিকার আওতায় নিয়ে আসা। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত এই বিশেষ টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক ডা. মো. একরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিক আমানসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কোর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী, এসআইএমও ডা. খাদিজা আহমেদ এবং ইউনিসেফ ন্যাশনাল কনসালট্যান্ট ডা. সরওয়ার আলম অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে রেল স্টেশন, বাস স্টেশন এবং নৌ-ঘাটসহ যেকোনো স্থানে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী কোনো শিশু যদি টিকা না পেয়ে থাকে, তবে তাদের অবশ্যই এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, এই কার্যক্রম সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বর্তমান সরকারের জন্য এটি একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ।



























