টাঙ্গাইলের মির্জাপুরে বাস চাপায় দুই কিশোর নিহত
- আপডেট সময় : ০৩:২৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় দুই কিশোর প্রাণ হারিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত কিশোররা হলো- উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিল। সেই সময় ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



























