মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছভাবে খুলতে প্রশাসনিক কার্যক্রম চলছে: সচিব
- আপডেট সময় : ০৫:৪০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে সরকার প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান। এ সময় বায়রার সাবেক প্রতিনিধিরা বাজার চালুর বিষয়ে তাদের দাবিসমূহ সচিবের কাছে স্মারকলিপির মাধ্যমে তুলে ধরেন।
সচিব মো. মোখতার আহমেদ জানান, মালয়েশিয়ার শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় উন্মুক্ত করার জন্য সরকার কাজ করছে। তিনি সতর্ক করে বলেন, এই সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র যেন ফায়দা লুটতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বায়রার সাবেক প্রতিনিধিদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে ৩১২টি তালিকাভুক্ত এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ প্রদান, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য নিরসন, অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, সব যোগ্য মেডিকেল সেন্টার উন্মুক্ত করা এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা। সচিব তাদের এই দাবিগুলোকে যৌক্তিক হিসেবে উল্লেখ করে তা পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করার আশ্বাস দিয়েছেন।
সচিব আরও জানান, বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রয়েছে। ইতোমধ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এই শ্রমবাজারের বিষয়টি উত্থাপন করেছেন।
সাধারণ কর্মীদের দালাল ও প্রতারক চক্রের হাত থেকে রক্ষা করতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে বলেও সচিব উল্লেখ করেন। এরই অংশ হিসেবে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা করা হয়েছে, প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।





























