মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা হৃদয়ের বন্ধু সাজ্জাদ (২৪) আহত হয়েছেন।
নিহত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কাজল রেখার ছেলে। আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মিলে রাতে মোটরসাইকেলে করে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে চালক হৃদয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের উদ্ধারকারী ইউনিট দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের চালক ও আরোহীকে উদ্ধার করে। আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং হৃদয়ের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে ছুটিতে দেশে এসেছিলেন সৌদি প্রবাসী হৃদয়। কয়েক দিনের মধ্যেই তাঁর পুনরায় সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং তাঁর একটি ছোট কন্যাসন্তান রয়েছে।





























