১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু
- আপডেট সময় : ১০:২১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার নাজিরগঞ্জ থেকে রাজবাড়ীর ধাওয়াপাড়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসি রাজবাড়ীর ধাওয়াপাড়া (জৌকুড়া) ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল ইসলাম জানান, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে নৌদুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে স্রোতের গতি কমে আসায় মঙ্গলবার বেলা ১১টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, রাজবাড়ী ও ফরিদপুর থেকে পাবনা, সিরাজগঞ্জ এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে যাতায়াতকারী চালকরা সময় ও খরচ সাশ্রয়ের জন্য এই নৌপথটি ব্যবহার করেন। এই রুটটি ব্যবহার করলে স্বাভাবিক দূরত্বের চেয়ে প্রায় ১০০ কিলোমিটার পথ কমে আসে।
তবে এই রুটে চলাচলকারী দুটি ফেরির মধ্যে একটি কয়েক মাস আগে বিকল হয়ে যাওয়ায় বর্তমানে ‘ক্যামেলিয়া’ নামের একমাত্র কে টাইপ ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। পদ্মার তীব্র স্রোতের মুখে এই ফেরিটি অনেকটা অসহায় হয়ে পড়ে, যার ফলে স্রোত বাড়লে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন। এসময় অনেকে বাধ্য হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছান, আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা পার হতে বাধ্য হন।




























