পার্বতীপুরে ৫ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারি
- আপডেট সময় : ০৩:২৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজের সিঁড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত আরিফ হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার শৌলমারী গ্রামের মজিবর মিয়ার ছেলে। পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, এসআই মো. সাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় ফুটওভার ব্রিজের সিঁড়ির কাছ থেকে আরিফ হোসেনকে আটক করা হয় এবং তার কাছে থাকা ৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পার্বতীপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




























