মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক
- আপডেট সময় : ০৬:৩৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যদিও সার্বিক মূল্যস্ফীতি বর্তমানে নিম্নমুখী প্রবণতায় রয়েছে, তবুও তা চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশের বেশি হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই দীর্ঘ ২১ মাস পর নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন নীতি সুদহার ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল, যা বর্তমানে বহাল থাকছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে মুদ্রানীতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পর কমিটি উদ্বেগ প্রকাশ করে যে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এছাড়া সেপ্টেম্বরের শেষের দিকে দেশের বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছে কমিটি।
এমতাবস্থায়, মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি এবং ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) ওপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ধাক্কার প্রভাব পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন এমপিসির সদস্য ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ মোস্তফা কামাল মুজেরী, বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার, মুদ্রানীতি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ এবং কমিটির সদস্যসচিব ও মুদ্রানীতি বিভাগের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার।





























