ট্রাম্পের হুমকিকে কৌশলগত হতাশা বলে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ইরানের
- আপডেট সময় : ০৩:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৬ (23 September 2026, 14:06)
ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে ‘কৌশলগত হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার আরও বেশি বিধ্বংসী ও তীব্র পাল্টা জবাব দেওয়ার জন্য তেহরান প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মঞ্চ ব্যবহার করে ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছে ইরানের জেনারেল স্টাফ। এক বিবৃতিতে ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়।
বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, ইরানি জাতির ওপর আগ্রাসন চালানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যে কৌশলগত অচলাবস্থায় পড়েছে, ট্রাম্পের এসব বক্তব্য তারই প্রমাণ। এতে আরও বলা হয়, ট্রাম্পের বারবার দেওয়া এই হুমকি মূলত তাদের শক্তির প্রকাশ নয়, বরং তাদের গভীর কৌশলগত হতাশারই বহিঃপ্রকাশ।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো সময় পাল্টা আঘাত হানতে সম্পূর্ণ প্রস্তুত। এই আঘাত অতীতের যেকোনো সংঘাতের চেয়ে অনেক বেশি বিধ্বংসী ও অপ্রত্যাশিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।


























