বরিশালে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ
- আপডেট সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি একলাফে ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী আখ্যা দিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নগরী। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের অন্যতম নেতা ও সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম। বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সদস্য বীরেণ রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা উপাধ্যক্ষ হারুন অর রশীদ।
সমাবেশে বক্তারা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও পানির তীব্র সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষের জীবন এমনিতেই অতিষ্ঠ। এর ওপর নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন, কৃষি ও বিদ্যুৎ উৎপাদন খরচ একযোগে বৃদ্ধি পাবে। এর সরাসরি প্রভাব পড়বে নিম্ন ও মধ্যবিত্ত শ্রমজীবী মানুষের ওপর, যা জনজীবনকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দেবে।
নেতারা তথ্য তুলে ধরে জানান, ডিজেলের দাম ১৭.৮ শতাংশ বাড়িয়ে ১৩৫ টাকা করায় সেচ ও কৃষিপণ্য উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাবে। এছাড়া কেরোসিন ১২৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬২ টাকা নির্ধারণ করায় গ্রামীণ ও শহরের প্রান্তিক মানুষ চরম বিপর্যয়ের মুখে পড়বে।
সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট নিরসন এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনার জোর দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।




























