কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা
- আপডেট সময় : ০১:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম (৪৮), নিকলী উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক সুলতান (৫২), কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. মীর হাসান মিরাজ (৩৩) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেদ মিয়া (৪০)।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

























