বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০৩:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে দেশের দূরপাল্লা, আন্তঃজেলা এবং মহানগরীর সব রুটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নির্ধারিত এই ভাড়া গত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লার রুটের বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সার পরিবর্তে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর মিনিবাস এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৬০ পয়সা করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরামদায়ক ভ্রমণের লক্ষ্যে কোনো বাস বা মিনিবাসের আসন সংখ্যা কমিয়ে পুনর্বিন্যাস করা হলে, বিআরটিএ-এর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত ভাড়া আনুপাতিক হারে পুনর্নির্ধারণ করতে হবে। এ জন্য রুট পারমিট প্রদানকারী কর্তৃপক্ষ বিআরটিএ অথবা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কাছ থেকে আনুপাতিক ভাড়ার হার অনুমোদন করিয়ে নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তবে এই নতুন ভাড়ার হার গ্যাসচালিত (সিএনজি) বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে রাখতে হবে। জনস্বার্থে জারি করা এই ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর করা হয়েছে।





























