নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রবাসীদের মধ্যে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
- আপডেট সময় : ০৫:২২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে, যা সাধারণ প্রবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
জ্যাকসন হাইটসের এক প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশের মাটিতে এসেও দেশের রাজনীতির এই মারামারি ও গালাগালি থেকে মুক্তি মিলছে না। সোশ্যাল মিডিয়াতেও এই রাজনৈতিক বৈরিতা নিয়ে সাধারণ প্রবাসীরা নিয়মিত বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন। সমালোচকদের মতে, প্রবাসে এ ধরনের রাজনৈতিক সংঘাত বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং নতুন প্রজন্মের কাছে রাজনীতির নেতিবাচক ধারণা তুলে ধরছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, সফর সফল করতে তারা ২১ সেপ্টেম্বর বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে শান্তি সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন। তবে ব্যয়সংকোচন নীতির কারণে প্রধানমন্ত্রী কোনো দলীয় সংবর্ধনায় অংশ নেবেন না বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। এছাড়া, গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু।
অন্যদিকে, আওয়ামী লীগ ২১ সেপ্টেম্বর বিমানবন্দরে এবং ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদ জানিয়েছে।
সাংবাদিক মিজানুর রহমান এ বিষয়ে বলেন, জাতিসংঘে সরকারপ্রধানের উপস্থিতি একটি স্বাভাবিক বিষয় হলেও আমরা একে অস্বাভাবিক করে ফেলি। বিশ্লেষকরা মনে করছেন, বিদেশের মাটিতে রাজনৈতিক বৈরিতা প্রদর্শন না করে উভয় পক্ষেরই সংযত ও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন।
উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়ে ২৫ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এবারের সফরসূচি সংক্ষিপ্ত রাখা হয়েছে।





























