দৃশ্যম ৩-এর সাফল্য ও শতকোটি রুপির সম্পদ: অনন্য শ্রিয়া সরন
- আপডেট সময় : ১০:১৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রিয়া সরন সম্প্রতি মুক্তি পাওয়া ‘দৃশ্যম ৩’ ছবির অভাবনীয় সাফল্যের কারণে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। ছবিটিতে অজয় দেবগনের স্ত্রীর চরিত্রে তার পরিশীলিত ও সাবলীল অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে প্রায় ১০০ কোটি রুপি আয় করে হৈচৈ ফেলে দিয়েছে সিনেমাটি। এই সাফল্যের হাত ধরে ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই গুণী অভিনেত্রী নতুন করে লাইমলাইটে এসেছেন।
১৯৮২ সালে জন্ম নেওয়া শ্রিয়া সরনের অভিনয় জীবনের পথচলা শুরু হয়েছিল ২০০১ সালে তেলুগু চলচ্চিত্র ‘ইশতাম’ দিয়ে। প্রথম ছবির পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। যার মধ্যে ‘সন্তোষম’, রজনীকান্তের সঙ্গে ‘শিবাজি: দ্য বস’, অজয় দেবগনের বিপরীতে ‘দৃশ্যম’ এবং এস এস রাজামৌলির ‘আরআরআর’ অন্যতম। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ এখন শতকোটির কাছাকাছি। সফল চলচ্চিত্র ও বিভিন্ন নামী ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট থেকে এই বিপুল পরিমাণ বিত্তবৈভবের মালিক হয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি শ্রিয়া সরন একজন অত্যন্ত দক্ষ কত্থক নৃত্যশিল্পী। বিশ্বের বিভিন্ন বড় বড় মঞ্চে তিনি নৃত্য পরিবেশন করেছেন। সংস্কৃতির সঙ্গে তার এই গভীর সংযোগ এবং চমৎকার নৃত্যশৈলী তাকে একজন বহুমুখী শিল্পী হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
পেশাগত জীবনের পাশাপাশি শ্রিয়ার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিভিন্ন সময়ে ক্রিকেটার থেকে শুরু করে অনেক তারকা অভিনেতার সঙ্গে তার নাম জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সব গুঞ্জন পেরিয়ে তিনি রাশিয়া নিবাসী টেনিস খেলোয়াড় ও সফল উদ্যোক্তা আন্দ্রে কোশ্চিভকে গোপনে বিয়ে করেন। বর্তমানে স্বামী আন্দ্রে এবং কন্যা রাধাকে নিয়ে মুম্বাইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই সিনেসুন্দরী।





























