আট বছর পর রাফীর সিনেমায় ফিরলেন সিয়াম, প্রকাশ্যে নতুন লুক
- আপডেট সময় : ০৪:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ ও নির্মাতা রায়হান রাফী দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন। রাফীর পরিচালনায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘আন্ধার’-এ সিয়ামকে দেখা যাবে ডিটেকটিভ দেলোয়ার চরিত্রে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে চরিত্রটির লুক প্রকাশ করেছেন নির্মাতা। সিনেমাটির বিভিন্ন চরিত্রের লুক ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।
২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে রায়হান রাফী এবং অভিনেতা হিসেবে সিয়াম আহমেদের বড় পর্দায় অভিষেক হয়। এরপর দীর্ঘ বিরতির পর ‘আন্ধার’-এর মাধ্যমে তারা ফের একসঙ্গে কাজ করলেন।
চরিত্রটি নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘দেলোয়ার মানেই সিয়াম।’ রাফীর ভাষ্যমতে, বাংলাদেশের চলচ্চিত্রে এমন একজন নায়কের প্রয়োজন, যিনি ব্যাটম্যান বা শার্লক হোমসের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন। দেলোয়ার চরিত্রের বিশেষত্ব হলো, এর পেছনে কোনো ব্যক্তিগত প্রতিশোধ বা স্বার্থ নেই; বরং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তার মূল লক্ষ্য। তিনি আরও জানান, প্রতিটি সিনেমায় নায়কদের ভিন্ন পরিচয়ে উপস্থাপনের চেষ্টা করেন তিনি। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর নায়কদের মতো ‘আন্ধার’-এর দেলোয়ারও সম্পূর্ণ ভিন্ন ধাঁচের একটি চরিত্র। এবারই প্রথম তিনি ক্লাসিক নায়কোচিত চরিত্র নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন।
ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন ও শাকিব চৌধুরীর গল্প অবলম্বনে নির্মিত হয়েছে এই তারকাবহুল সিনেমা। ভৌতিক ঘরানার এই সিনেমায় সিয়াম আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, গাজী রাকায়েত ও আফসানা মিমিসহ আরও অনেকে। সিনেমাটি চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।




























