আলিয়া ও কওমি আমার দুই চোখের মতো প্রিয়: আল্লামা সাঈদী
- আপডেট সময় : ০৪:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করা হয়েছে। নতুন এই কভারে প্রয়াত এই আলেমের একটি বিখ্যাত উক্তি যুক্ত করা হয়েছে—‘বিড়ালের মতো পাঁচশ বছর বাঁচতে চাই না, সিংহের মতো এক ঘণ্টা বাঁচতে চাই।’ এই বাণীর মাধ্যমে তার সাহসিকতা ও আদর্শিক অবস্থানের প্রতিফলন ঘটানো হয়েছে।
স্মরণীয় এই দিনে জামায়াতের ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে আল্লামা সাঈদীকে মাদ্রাসা শিক্ষা নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরতে শোনা যায়। তিনি বলেন, ‘আলিয়া আর কওমি মাদ্রাসা আমার দুই চোখের মতো প্রিয়।’ তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, চট্টগ্রামের পটিয়া ও হাটহাজারীর মতো বড় বড় মাদ্রাসায় সফর এবং আলেমদের সঙ্গে সাক্ষাৎ তার নিয়মিত কাজের অংশ ছিল। তিনি মাওলানা শামসুল হক ফরিদপুরী (রহ.)-এর পা ধুয়ে দেওয়া এবং খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমেদ সাহেবের খেদমত করার বিষয়টি উল্লেখ করে বলেন, আলেমদের সম্মান করা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন, কওমি ও আলিয়া উভয়ই তার কাছে সমান প্রিয়।
আদালতে দেওয়া তার একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে পেজের পোস্টে বলা হয়, ‘কুরআনের বাণী প্রচারই যদি হয় আমার অপরাধ, তবে আমি হাজারবার ফাঁসির মঞ্চে যেতে রাজি আছি।’ এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার আরও কিছু বাণী ছড়িয়ে পড়েছে। এর মধ্যে পবিত্র কুরআন নিয়ে তার মন্তব্য ছিল, ‘কাল কেয়ামতে কঠিন জবাবদিহি করতে হবে আমাদের। সেদিন কেউ রক্ষা করার জন্য এগিয়ে আসবে না। আসবে শুধুমাত্র কুরআন মাজিদ।’ দ্বীনের পথে নিজের দীর্ঘ পথচলা নিয়ে তিনি বলেছিলেন, গত অর্ধ শতাব্দী ধরে তিনি বাংলাদেশের প্রতিটি ঘরে কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ১৫আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৬: ১৫



























