শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির
- আপডেট সময় : ০৩:৫৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়িকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণার মামলায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, শাড়িটি নিয়ে তার বিরুদ্ধে আনা প্রতারণার অভিযোগের কোনো ভিত্তি নেই।
তানজিন তিশার ভাষ্যমতে, ঘটনার সূত্রপাত একটি শাড়ি কেনা থেকে হলেও পরবর্তীতে সংশ্লিষ্ট পক্ষের অনুরোধেই তিনি সেটি উপহার হিসেবে গ্রহণ করেন। অভিনেত্রী জানান, ভক্ত ও বিভিন্ন অনলাইন পেজ থেকে তিনি নিয়মিত উপহার পেয়ে থাকেন এবং কৃতজ্ঞতাস্বরূপ সেগুলোর ছবি বা স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। আলোচিত শাড়িটির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করার কথা ছিল তার। তিনি জানান, শাড়িটি পাওয়ার পর পরিচিত এক বড় বোনের মাধ্যমে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে তার প্রায় ২০ মিনিট কথা হয়। পারস্পরিক সুসম্পর্কের জায়গা থেকেই তিনি শাড়িটি পরে ছবি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিশা আরও জানান, তিনি শাড়িটি পরে ছবি তোলার জন্য ব্লাউজও তৈরি করে রেখেছিলেন। তবে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে ছবি দেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শাড়িটি নিয়ে একটি স্টোরিও দিয়েছিলেন। তিশার অভিযোগ, তার সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই হঠাৎ তাকে প্রতারক হিসেবে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তার ব্যক্তিগত সম্মানহানি হয়েছে এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
ক্যারিয়ারের এমন একটি সংবেদনশীল সময়ে এ ধরনের ঘটনা কেন সামনে এল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিশা। চলচ্চিত্র অঙ্গনের অভ্যন্তরীণ কোনো বিরোধ বা কারও প্ররোচনা এর পেছনে রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি মনে করেন, বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলে সংবাদ প্রকাশ করলে প্রকৃত চিত্র ফুটে উঠত। এদিকে, মঙ্গলবার আদালত মামলাটিতে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়িয়েছেন এবং অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছেন।




























