বিজয়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন স্ত্রী সঙ্গীতা
- আপডেট সময় : ০১:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) প্রধান সি জোসেফ বিজয়ের বিরুদ্ধে দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সর্নালিঙ্গম। গত শুক্রবার (৭ আগস্ট) ভার্চ্যুয়ালি আদালতে উপস্থিত হয়ে তিনি মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান। এরপর আদালত মামলাটি নিষ্পত্তি করে তা বন্ধ ঘোষণা করে। এর মাধ্যমে দীর্ঘ কয়েক মাস ধরে চলা তাঁদের বৈবাহিক বিরোধের আইনি প্রক্রিয়ার অবসান ঘটল।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। ওই আবেদনে তিনি স্বামী-স্ত্রীর মধ্যে থাকা ‘অমীমাংসিত মতপার্থক্য’-এর বিষয়টি উল্লেখ করেন। বিবাহবিচ্ছেদের পাশাপাশি তিনি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাই এলাকার দাম্পত্য বাসভবনে বসবাসের অনুমতিও চেয়েছিলেন।
এ বছর মামলাটির শুনানি একাধিকবার পিছিয়ে যায়। গত ১৫ জুন সঙ্গীতা প্রথম আদালতকে জানান যে তিনি তাঁর আবেদনটি প্রত্যাহার করতে চান। এরপর আদালত পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন নির্ধারণ করেছিলেন। এর আগের শুনানিতে বিজয় ও সঙ্গীতা কেউই সশরীরে আদালতে উপস্থিত হননি। তাঁদের আইনজীবীরা ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে সময় চেয়েছিলেন। গত শুক্রবার সঙ্গীতার আনুষ্ঠানিক আবেদন গ্রহণের পর আদালত মামলাটি চূড়ান্তভাবে বন্ধ করে দেয়।
বিজয় ও সঙ্গীতার দাম্পত্য জীবন প্রায় তিন দশকের। ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০২৩ সালে বিজয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতির পর তাঁদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও সে সময় এসব গুঞ্জন অস্বীকার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালে টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনসহ একাধিক রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতার অনুপস্থিতি এই আলোচনাকে আবারও সামনে নিয়ে আসে।
উল্লেখ্য, সাম্প্রতিক তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম), ভিসিকে এবং আইইউএমএলের সমর্থনে দলটি সেখানে সরকার গঠন করে। বর্তমানে সি জোসেফ বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।




























