কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও তদন্তের দাবি
- আপডেট সময় : ১১:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আব্দুল আলীমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও চলাফেরার তীব্র সমালোচনা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন যে, আব্দুল আলীম তার আপন বোন সালমা আক্তার, বোনজামাই মুমিন এবং বড় ভাইয়ের স্ত্রী লিপি আক্তারকে মারধর ও শারীরিকভাবে নির্যাতন করেছেন। এলাকাবাসীর ভাষ্যমতে, অভিযুক্ত ব্যক্তি বাগানবাড়ি এলাকায় ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। এই মাদ্রাসার নাম ব্যবহার করে তিনি বিভিন্ন জায়গা থেকে অনুদান সংগ্রহ করেন এবং সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যয় করেন বলে অভিযোগ তোলা হয়েছে।
এই সমস্ত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সত্যতা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। তবে এ বিষয়ে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।




























