বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৩:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা। বুধবার সকালে শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এই কর্মসূচির ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পাশাপাশি কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অন্যান্য ন্যায্য দাবিও পূরণ করছে না। বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এদিকে, অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশকে কাজ করতে দেখা যায়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম জানান, গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছেন এবং তারা বকেয়া বেতনসহ নানা দাবি জানাচ্ছেন। তিনি আরও বলেন, আমাদের পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমঝোতার চেষ্টা চলছে।



























