তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও প্রধান শিক্ষককে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলার মধ্য চাঁদপুর রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জমি দখলের প্রচেষ্টা, স্থাপনা ভাঙচুর এবং শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় স্থানীয় পর্যায়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সাথে মাদরাসার প্রধান শিক্ষক মো. রিয়াজ উদ্দিনকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী যৌথভাবে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির বিরুদ্ধে এই ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং প্রধান শিক্ষককে হয়রানির অভিযোগ রয়েছে। বক্তারা জানান, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান মানববন্ধনকারীরা। এছাড়া মাদরাসার জমি রক্ষা এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট মোজাম্মেল হক কুট্টির কোনো বক্তব্য পাওয়া যায়নি।


























