শারীরিক পরিবর্তনের পর নতুন পরিচয়ে কাবির দেওয়ানের নতুন স্বপ্ন
- আপডেট সময় : ০৯:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক কামরাঙ্গীচালা এলাকায় বসবাসরত এক শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরেছে শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে। জন্মগত নাম কেয়া আক্তার থেকে এখন তার নতুন পরিচয় কাবির দেওয়ান। পরিবারের সিদ্ধান্তেই এই নাম পরিবর্তন করা হয়েছে।
জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বেলতলা গ্রামের কাইয়ুম দেওয়ান ও কণিকা ইসলামের সন্তান কেয়া আক্তার। বর্তমানে তারা কালিয়াকৈরের মৌচাক কামরাঙ্গীচালায় মো. শহীদের বাড়িতে ভাড়া থাকেন। শারীরিক পরিবর্তনের আগে স্কুলের সব নথিপত্র এবং মৌচাক ধানসিঁড়ি স্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় তিনি কেয়া আক্তার নামেই অংশ নিয়েছেন। আগামী ১০ আগস্ট তার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা রয়েছে।
কাবির দেওয়ান ও তার মা কণিকা ইসলাম জানান, ২০২৫ সালের শেষ দিকে তার শরীরে শারীরিক পরিবর্তন পরিলক্ষিত হতে শুরু করে। শুরুতে বিষয়টি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে কণ্ঠস্বরসহ শারীরিক পরিবর্তন স্পষ্ট হলে চিকিৎসকের পরামর্শে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরিবার তার নতুন পরিচয় নির্ধারণ করে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাবির দেওয়ান বলেন, 'আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই। এসএসসির ফলাফলের অপেক্ষায় আছি। ভবিষ্যতে ভালো চাকরি করে পরিবার ও দেশের জন্য কাজ করতে চাই।'
স্থানীয় পর্যায়ে ঘটনাটি নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও পরিবারের সদস্যদের ভাষ্য, কৌতূহল নয় বরং কাবিরের শিক্ষা, ভবিষ্যৎ এবং স্বাভাবিক জীবনই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিচয়ের এই পরিবর্তন যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকেই তারা গুরুত্ব দিচ্ছেন।




























