পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেওয়া হবে না: নাহিদ ইসলাম
- আপডেট সময় : ০৫:৫৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেছেন, ভারতের সঙ্গে পানির হিস্যার ক্ষেত্রে বাংলাদেশ এক চুল পরিমাণও ছাড় দেবে না।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদের চেতনাকে ধারণ করতে হলে দুই দেশের সম্পর্ককে ন্যায্যতার ভিত্তিতে গড়ে তুলতে হবে।
গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সই করতে হবে। নদী ব্যবস্থাপনায় বাংলাদেশের অংশীদারত্ব কেমন হবে, তাও স্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন। এ সময় তিনি ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টনের নতুন চুক্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। কিন্তু বাংলাদেশ কখনোই এসব নদীর পানির ন্যায্য হিস্যা পায়নি। এখন থেকে এই সম্পর্ক ও হিস্যা সমতার ভিত্তিতে নির্ধারণ করতে হবে।
আবরার ফাহাদের স্মৃতিচারণ করে মো. নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশের পক্ষের শক্তি। দেশের নদীর পানি যেন আমরা পাই, সেটাই ছিল তার চেতনা। কিন্তু এই অধিকার নিয়ে ফেসবুকে সামান্য একটি স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের আগ্রাসনের অংশ হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। গত ৫০ বছরে বাংলাদেশ কী পেয়েছে, আবরার ফাহাদ মূলত সেই প্রশ্নই তুলেছিলেন।





























