মসজিদে সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা তৈরির সুপারিশ কমিটির
- আপডেট সময় : ০৬:১৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপি। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব সম্পন্ন হয়।
বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনসহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যাবলি তুলে ধরা হয়। এছাড়া মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি, জনবল, বাজেট, ভিশন-মিশন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কমিটিকে অবহিত করা হয়।
উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনার ভিত্তিতে কমিটির সদস্যরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করেন। এর মধ্যে দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং মসজিদগুলোতে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
এছাড়াও বৈঠকে সরকারি খরচে হজ পালনকারীদের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরির সুপারিশ করা হয়। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বদলির ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কমিটির মতে, এই পদক্ষেপ গ্রহণ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধি পাবে এবং কার্যক্রমে গতিশীলতা নিশ্চিত হবে।
বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সুবর্ণা সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশগ্রহণ করেন। এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও ট্রাস্টের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























