মৎস্য চাষ হতে পারে অর্থনীতির ভিত্তি: জহির উদ্দিন স্বপন
- আপডেট সময় : ০৩:৩২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

দেশের প্রতিটি পুকুর, জলাশয় এবং খাল-বিলকে পরিকল্পিতভাবে মৎস্য চাষের আওতায় আনতে পারলে তা দেশের অর্থনীতির একটি কার্যকর ভিত্তি হিসেবে গড়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সকালে গৌরনদীতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় জলসম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে মৎস্য চাষের পরিধি বাড়ানো গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডও উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে। দেশের পুকুর, জলাশয় ও খাল-বিলগুলোকে মৎস্য চাষের উপযোগী করে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, দেশের যতটুকু সামর্থ্য রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক কিছুই করা সম্ভব।
সরকারি দপ্তরগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, জনসেবা প্রদানকারী প্রতিটি সরকারি বিভাগের বার্ষিক কর্মকাণ্ডের হিসাব জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তরে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে, যেখানে সাংবাদিকরা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকাণ্ড ও সেবা নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন।
গৌরনদী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত এই পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্যসচিব সফিকুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গৌরনদীতে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর-জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।





























