দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার
- আপডেট সময় : ০২:৪৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের চেয়ে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার বর্তমানে বেশি গুরুত্ব দিচ্ছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ সৃষ্টি করা হবে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশব্যাপী জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। স্টেডিয়ামের গ্যালারি, ড্রেসিং রুম ও প্রেস বক্সসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগের পাশাপাশি শহরের ওয়ার্ড পর্যায়ে ছোট মাঠ তৈরির পরিকল্পনাও সরকারের রয়েছে।
তরুণ প্রজন্মকে মাদক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের সঠিক পথে রাখা সম্ভব। অন্যদিকে, শ্রীমঙ্গলের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে তিনি স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।





























