রোনালদোর ১৪০ গোলের রেকর্ড কি ভাঙতে পারবেন এমবাপ্পে নাকি হলান্ড?
- আপডেট সময় : ০২:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই রাজকীয় শুরু করেছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৪ মিনিটেই ইন্টার মিলানের জাল কাঁপিয়ে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন এমবাপ্পে। একই রাতে পোর্তোর মাঠে জোড়া গোল করে ম্যানচেস্টার সিটির জয় নিশ্চিত করেন হলান্ড। শেষ পর্যন্ত রিয়াল ২-১ গোলে ইন্টারকে এবং সিটি ২-০ গোলে পোর্তোকে হারিয়ে আসর শুরু করেছে। তবে মাঠের জয়ের চেয়েও এখন বড় আলোচনা, এই সময়ের দুই সেরা তারকা কি শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারবেন?
একসময় ইউরোপের এই মঞ্চে রাজত্ব ছিল ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। রোনালদোর ১৪০টি গোল এখনো সবার ধরাছোঁয়ার বাইরে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ১০৬, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২১ এবং জুভেন্টাসের জার্সিতে ১৪ গোল করেছেন। সাতটি মৌসুমে তিনি এই প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। অন্যদিকে, মেসির গোলসংখ্যা ১২৯টি, যার ১২০টিই এসেছে বার্সেলোনার হয়ে। ২০০৫-০৬ মৌসুম থেকে টানা ১৮ মৌসুমে গোল করার কীর্তিও রয়েছে মেসির। তবে ৪১ বছর বয়সী রোনালদো এখন খেলছেন আল নাসরে এবং ৩৯ বছর বয়সী মেসি খেলছেন ইন্টার মায়ামিতে। ফলে ইউরোপীয় ফুটবলে তাদের অধ্যায় প্রায় শেষ হয়ে গেছে।
তালিকায় থাকা অন্য তারকাদের মধ্যে ১০৯ গোল নিয়ে তিনে থাকা রবার্ট লেভানডফস্কি এখন খেলছেন মেজর লিগ সকারের শিকাগো ফায়ারে। ৯০ গোল নিয়ে চারে থাকা করিম বেনজেমা খেলছেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। আর ৭১ গোল নিয়ে অনেক আগেই অবসরে গেছেন রিয়াল কিংবদন্তি রাউল, যিনি প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন।
গত রাতের গোলের পর এমবাপ্পে এখন যৌথভাবে রাউলের পাশে (৭১ গোল) বসেছেন। তাঁর ঠিক পেছনেই থাকা ২৬ বছর বয়সী হলান্ডের গোলসংখ্যা ৫৯ ম্যাচে ৫৯টি। বর্তমানে ২৭ বছর বয়সী এমবাপ্পে রোনালদোর রেকর্ড থেকে ৬৯ গোল দূরে আছেন, আর হলান্ডের দূরত্ব ৮১ গোলের।
গোলের সংখ্যায় এমবাপ্পে এগিয়ে থাকলেও বয়স ও গতির দিক থেকে হলান্ড বেশ এগিয়ে। চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ২০, ৩০, ৪০ ও ৫০ গোলের রেকর্ড ইতিমধ্যেই নিজের করে নিয়েছেন এই নরওয়েজীয় স্ট্রাইকার। আর একটি গোল করলেই তিনি দ্রুততম ৬০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। যেখানে ৬০ গোল করতে মেসির লেগেছিল ৮০ ম্যাচ, লেভানডফস্কির ৮৫, এমবাপ্পের ৮৯ এবং রোনালদোর লেগেছিল ৯৮ ম্যাচ। ফলে এমবাপ্পে আগে রোনালদোকে স্পর্শ করলেও, হলান্ড যে তাঁর গতি দিয়ে সেই রেকর্ড নিজের করে নিতে পারেন, সেই আভাস স্পষ্ট।





























