রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের
- আপডেট সময় : ০৬:০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠককালে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে সংকটের স্থায়ী সমাধানের জন্য তাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই একমাত্র পথ। এই প্রক্রিয়াকে সফল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ। তিনি সংকটটির টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



























