ইতালির জাতীয় ফুটবল দলের কোচ হয়ে ফিরছেন রবার্তো মানচিনি

- আপডেট সময় : ০২:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

নানা বিতর্কিত সিদ্ধান্ত, ফেডারেশনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং দুই শীর্ষ কর্মকর্তার আকস্মিক পদত্যাগের পর অবশেষে ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদে ফিরছেন রবার্তো মানচিনি। ইতালির স্থানীয় গণমাধ্যমগুলোর খবরের সূত্র ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিলের এক সভায় মানচিনির ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত এপ্রিল মাসে গেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর থেকেই নতুন কোচের খোঁজে ছিল ইতালি দল। প্রথম দিকে অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি এবং পেপ গার্দিওলাকে এই দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা কেউই রাজি হননি। এরপর সাবেক বিশ্বকাপজয়ী মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান 'ফনবেট'-এর সঙ্গে পিরলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিতর্ক তৈরি হলে ফেডারেশন সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয়।
পিরলোকে দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে অনড় ছিলেন এফআইজিসির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দো। কিন্তু ফেডারেশন তাদের মতামতের বাইরে গিয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ায়, দায়িত্ব গ্রহণের মাত্র ১৬ দিনের মাথায় তারা দুজনই পদত্যাগ করেন। তাদের এই পদত্যাগের ঘটনা ইতালির নতুন কোচ নিয়োগ প্রক্রিয়াকে আরও বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল।
এমন এক অস্থিতিশীল পরিস্থিতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন আবারও তাদের সাবেক ও সফল কোচ রবার্তো মানচিনির ওপরই আস্থা রাখল। এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আজ্জুরিদের ডাগআউটে ছিলেন মানচিনি। তার অধীনেই ২০২১ সালে (ইউরো ২০২০) ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল ইতালি। পাশাপাশি তার অধীনে টানা ৩৭টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকার এক অনন্য বিশ্ব রেকর্ড গড়েছিল দলটি।
সম্প্রতি সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর গত মাসে কাতারের ক্লাব আল-সাদের কোচের পদ থেকেও বিদায় নেন মানচিনি। এবার দ্বিতীয় মেয়াদে ইতালির দায়িত্ব নিয়ে তার প্রধান লক্ষ্য হবে দলের সাম্প্রতিক সময়ের হতাশা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ স্তরে ফিরিয়ে আনা এবং বড় টুর্নামেন্টগুলোতে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো।




























