ভৈরবে দিগন্ত পরিবহনের বাসের ধাক্কায় ১৫ যাত্রী আহত
- আপডেট সময় : ০৩:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড়ের ফল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় যানজটে দাঁড়িয়ে থাকা একাধিক বাস, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের বাসটি দুর্জয় মোড়ের ফল বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মহাসড়কে যানজটে আটকে থাকা সোহাগ বাস, সিএনজি, অটোরিকশা ও মাইক্রোবাসকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে উপজেলার মধ্যচর গ্রামের রেজিয়া বেগম (৬০), মধ্যচর রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), হবিগঞ্জের দিগন্ত বাসের যাত্রী আরজুদা খাতুন (৬০) ও একই এলাকার তাউস মিয়া (৪৫) রয়েছেন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, দুর্ঘটনায় আহত ১০ জনেরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং আরও অনেকে চিকিৎসা নিতে আসছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। হাইওয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। হাইওয়ে থানার উপ-পরিদর্শক রোকন জানান, দিগন্ত বাসটি প্রথমে সিএনজিকে ধাক্কা দেয়, যা পরে সোহাগ পরিবহন ও অন্যান্য যানবাহনকে আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে, তবে কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ করছে।




























