হবিগঞ্জে হামলার জেরে কুলাউড়া ও রাজনগরে এনসিপির কর্মসূচি স্থগিত

- আপডেট সময় : ০৪:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলায় এনসিপির নির্ধারিত সফর ও সকল কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার ২৯ জুলাই এই কর্মসূচিগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্ধারিত এই কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, আসিফ মাহমুদ ভূইয়া সজীব এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। 'দেশ গড়তে জুলাই জাগরণ' শীর্ষক এই সফরটি ছিল দলটির একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।
এনসিপির কুলাউড়া উপজেলার আহ্বায়ক ফারুক উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হবিগঞ্জের ঘটনার প্রেক্ষাপটে জরুরিভিত্তিতে কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার সব কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। কুলাউড়া ও রাজনগরের স্থগিত হওয়া এই কর্মসূচিগুলোর নতুন তারিখ পরবর্তীকালে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।


























