ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনকে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত

- আপডেট সময় : ১১:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিভিন্ন অভিযোগে অধ্যাপক সাদেকা হালিমসহ তিন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত এবং চার শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৮ জুলাই উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়, যা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ এবং নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ ও তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং অধ্যাপক আফরোজা শেলীকেও চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কার্যক্রম, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারবিরোধী অপপ্রচার এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে অবস্থান ও হুমকির অভিযোগে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল মুহিতকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই অভিযোগে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক মো. রফিকুল ইসলামকে (রফিক শাহরিয়ার) সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। এছাড়া বিভাগের নানাবিধ অনিয়ম এবং এমফিল ও পিএইচডি থিসিসের মধ্যে সাদৃশ্যমূলক চৌর্যবৃত্তির অভিযোগে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিনকেও একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ কে এম মাহবুব মুস্তাফাকেও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়োগ ও গবেষণায় স্বচ্ছতা নিশ্চিতে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ বছরের (২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত) নিয়োগ পর্যালোচনার জন্য সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে অনুষদের ডিনদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাংক ও ইউজিসির অর্থায়নে ‘হেকেপ’ প্রকল্পের গবেষণা কার্যক্রম পর্যালোচনার জন্য সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে আরেকটি কমিটি করা হয়েছে।
সভায় জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রশাসনিক ভবনের পাশের মল চত্বরে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ভিত্তিপ্রস্তর আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। এছাড়া জুলাইয়ের চেতনা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যাচাই-বাছাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও সভায় নিশ্চিত করা হয়েছে।






















