ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান তথ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৩৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রধানমন্ত্রীর এই মূলমন্ত্র বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জাতীয় ঐক্যের মূল ভিত্তি। শুক্রবার বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জোর দিয়ে বলেন যে, ধর্মীয় পরিচয় নয়, বরং বাংলাদেশি পরিচয়ই আমাদের সর্বজনীন পরিচয়। অসাম্প্রদায়িক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, কিছু গোষ্ঠী ধর্মের পবিত্র অনুভূতিকে রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে ব্যবহার করে সমাজে বিভাজন ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তিনি মন্তব্য করেন, ধর্ম কখনো বিভাজনের শিক্ষা দেয় না, বরং সব ধর্মই শান্তি ও নৈতিকতার কথা বলে। যারা ধর্মের নামে বিদ্বেষ ছড়ায় কিংবা উগ্রবাদকে উৎসাহিত করে, তারা প্রকৃতপক্ষে ধর্মের আদর্শের পরিপন্থী কাজ করছে। রাষ্ট্রধর্ম কিংবা ধর্মীয় মূল্যবোধের অপব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করা মানবতা ও সৃষ্টিকর্তার আদর্শের বিরোধী বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় সংহতি রক্ষার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, অতীতে জাতীয় পরিচয়ের প্রশ্নে দেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের ভূখণ্ডে জাতিগত বা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বিভাজনের রাজনীতি স্থান পাবে না। যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদের প্রতি সমান শ্রদ্ধা ও সৌহার্দ্য প্রদর্শন করাই বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা সভাপতি শ্রী মুকুল চন্দ্র মুখার্জী, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং জেলা শাখার সভাপতি শ্রী মানিক মুখার্জী কুডু। অনুষ্ঠানের পর মন্ত্রী দুপুর ১টায় সার্কিট হাউজে বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।


























