বেলকুচিতে পারিবারিক কলহে গুলি, গ্রেপ্তার ২
- আপডেট সময় : ০৩:৫৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর উত্তরপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দ্বন্দ্বে চাচাতো ভাইকে পিস্তল দিয়ে গুলি করার অভিযোগ উঠেছে নাসিরউদ্দিন প্রামাণিকের বিরুদ্ধে। রবিবার (২৭শে সেপ্টেম্বর) সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মোট তিনজন আহত হয়েছেন। আহত অবস্থায় তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রাজাপুর উত্তর পাড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে মো. ইয়াছিন (২০) ও মো. জাকির হোসেন (২৩) রয়েছেন। এছাড়া অপর আহত ব্যক্তি মো. জেলহক প্রামাণিকও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলির খোসা ও একটি ইলেকট্রিক সার্চ লাইটসহ দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলেন রাজাপুর উত্তরপাড়া গ্রামের জেলহকের ছেলে মো. নাসিরুদ্দিন প্রামাণিক (৩০) এবং মৃত দেলবর প্রামাণিকের ছেলে মো. জেলহক প্রামাণিক (৫৫)।
বেলকুচি থানা সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহিদুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, নাসিরুদ্দিন প্রামাণিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধারকৃত পিস্তলসহ পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মো. মোক্তারুজ্জামান, তদন্ত অফিসার মো. জহুরুল ইসলাম এবং মামলার বাদী এসআই মো. আইনুল হক।


























