চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান স্বপন গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আগারগাঁও এলাকা থেকে এসআরবি তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই স্বপনকে এসআরবি গ্রেপ্তার করেছে এবং পরে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় মিজানুর রহমান স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা আদায়। এছাড়া শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার এসআই অমৃতা জানিয়েছেন, মিজানুর রহমান স্বপন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
























