মোজাম্মেল হক ও ফারজানা রূপার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারে অ্যামনেস্টির আহ্বান
- আপডেট সময় : ১০:৪৮:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক এবং প্রধান প্রতিবেদক ফারজানা রূপার বিরুদ্ধে সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট সকল অভিযোগ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এই আহ্বান জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত ৭ই মার্চ এই দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগগুলো আনা হয়। অভিযোগের নেপথ্যে রয়েছে ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের সদস্যদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনার সংবাদ পরিবেশন। প্রসিকিউশনের দাবি অনুযায়ী, টেলিভিশন চ্যানেলটি তখন একটি ‘বিভ্রান্তিকর’ প্রতিবেদন প্রচার করেছিল, যেখানে হতাহতের ঘটনা ঘটেনি এমন ধারণা দেওয়া হয়েছিল। প্রসিকিউশনের ভাষ্যমতে, প্রকৃত মৃত্যুর সংখ্যা থেকে জনগণের দৃষ্টি সরাতেই ওই প্রতিবেদন প্রচার করা হয়েছিল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। সংস্থাটি জানায়, মতপ্রকাশের স্বাধীনতার আওতায় এমন তথ্যও অন্তর্ভুক্ত থাকে যা অনেকের কাছে আপত্তিকর, বিস্ময়কর বা অস্বস্তিকর মনে হতে পারে। একটি সুস্থ জনপরিসর নিশ্চিত করতে এই অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন অপরিহার্য।
মানবাধিকার সংস্থাটি আরও জানায়, অপছন্দনীয় মতামত পোষণ বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথিত সম্পৃক্ততার কারণে সাংবাদিকদের কোনোভাবেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকতার কারণে আনা এসব অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

























