মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের
- আপডেট সময় : ০৮:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই গ্রেপ্তারের নিন্দা জানান এবং অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি তোলেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, গত ১ অক্টোবর পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও ভোগান্তির শিকার হন মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি এর প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের কাছে ভোগান্তি বন্ধের দাবি জানিয়েছিলেন। এর আগে বিমানবন্দরের যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহের মাধ্যমে তদন্তের কথা জানালেও, তদন্ত সম্পন্ন হওয়ার আগেই গত রাতে উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী চুরি এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের ভোগান্তিসহ নানা অভিযোগ রয়েছে। তিনি মেজর (অব.) আখতারুজ্জামানসহ সকল ভুক্তভোগী যাত্রীর ভোগান্তির নিরপেক্ষ তদন্ত দাবি করেন। এছাড়া বিমানবন্দরে সেবার মান নিশ্চিত করা এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।


























