ইমরান খানের আরও দুই বোন নুরিন ও উজমা আটক
- আপডেট সময় : ০৪:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের আরও দুই বোন নুরিন নিয়াজি এবং উজমা খানকে সোমবার (২১ সেপ্টেম্বর) আটক করেছে দেশটির পুলিশ। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, এর একদিন আগেই পুলিশ ইমরানের আরেক বোন আলিমা খানকে আটক করেছিল।
দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, ১৯৬০ সালের জনশৃঙ্খলা রক্ষা আইন (এমপিও)-এর ৩ ধারায় তাদের আটক করা হয়েছে। লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশের সুপারিশের ভিত্তিতেই এই আটকাদেশ জারি করা হয়েছে। সরকারি নথিপত্র অনুযায়ী, ইমরান খানের এই দুই বোনকে ৩০ দিনের জন্য আটক রাখা হয়েছে।
আটকের পরপরই নুরিন নিয়াজি এবং উজমা খানকে কোট লাখপত জেলে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, রোববার থেকেই আলিমা খান একই জেলে বন্দী রয়েছেন। আগামী ২৭শে সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পিটিআই’র পরিকল্পিত লং মার্চসহ দেশব্যাপী কর্মসূচির ঠিক আগেই তাদের আটক করে জেলে পাঠানোর ঘটনা ঘটল।
এর আগে আলিমা খানের দুই ছেলে শাহরেজ খান ও শের শাহকেও লাহোরে আটক করা হয়েছিল। তবে আইনজীবী রানা মুদাসসির নিশ্চিত করেছেন যে, সংক্ষিপ্ত আটকাদেশের পর আলিমার ছেলেদের মুক্তি দেয়া হয়েছে।


























