চুয়াডাঙ্গায় অন্যের মোড়কে সার বাজারজাত, জামান অ্যাগ্রোকে জরিমানা
- আপডেট সময় : ১১:৪০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামে অবস্থিত মেসার্স জামান অ্যাগ্রো ফার্ম নামের একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, হাফিজা খাতুনের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি অবৈধভাবে অন্যের প্যাকেটে জৈব সার বাজারজাত করে আসছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটিকে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করে নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, ক্যাব সদস্য রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।





























