ইতালির বিমানবন্দরে আড়াই শতাধিক যাত্রী নিয়ে আটকে বিমান বাংলাদেশ
- আপডেট সময় : ১০:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

প্রযুক্তিগত ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি ফ্লাইট সাত ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রয়েছে। শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় এই পরিস্থিতির সৃষ্টি হয়। ফ্লাইটটিতে থাকা প্রায় ২৬০ জন যাত্রী এখনো উড়োজাহাজের ভেতরেই অবস্থান করছেন।
যাত্রীদের ভাষ্যমতে, বিজি৩০৬ নম্বর ফ্লাইটটি বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয় যে, উড়োজাহাজে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং তা মেরামতের প্রয়োজন। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত বিমানটি বিমানবন্দর থেকে ছাড়তে পারেনি এবং কর্তৃপক্ষ পুনরায় যাত্রা শুরুর বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি।
দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে অবরুদ্ধ থাকায় শিশু ও বয়স্ক যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন যাত্রী শরিফুল ইসলাম। তিনি বলেন, যাত্রীদের উড়োজাহাজ থেকে নামতে বা টার্মিনালে যেতে দেওয়া হচ্ছে না। গরম ও অস্বস্তিকর পরিবেশে যাত্রীদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। শরিফুল ইসলাম দ্রুত সমস্যা সমাধানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের কাছে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য যে, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল। তবে উড়োজাহাজের প্রযুক্তিগত সমস্যার প্রকৃত কারণ এবং ফ্লাইটে যাত্রী সংখ্যার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। এমনকি সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম ফোন না ধরায় কোনো তথ্য জানা সম্ভব হয়নি।



























