রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান

- আপডেট সময় : ১১:২০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান- টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের ব্যবস্থাপনায় এই কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এসে শেষ হয়। এরপর সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবাদত হোসেনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এমওসিএস (সিভিল সার্জন) ডা. নূরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. আফরোজা আক্তার এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারমা মানজুরাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। একই সঙ্গে মাতৃদুগ্ধ পান করানো মায়ের নিজের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী।
শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়ে তুলতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে মাতৃদুগ্ধ পানের বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

























