ভয়ংকর রূপ নিচ্ছে এল নিনো, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সতর্কবার্তা

- আপডেট সময় : ০৯:৪৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

দ্রুত শক্তিশালী হয়ে ওঠা প্রাকৃতিক বিপর্যয় এল নিনো আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, খরা এবং বন্যার মতো চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াবে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। শুক্রবার সংস্থাটির প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের সঙ্গে এল নিনোর প্রভাব মিলিত হওয়ায় পৃথিবী আরও বেশি উত্তপ্ত ও বিপজ্জনক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ ভয়াবহ দাবানলের মোকাবিলা করছে এবং দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাতের কারণে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এল নিনো এখন আর দূরে নেই, এটি আমাদের ঘরের ভেতরেই ঢুকে পড়েছে এবং তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, এটি কেবল শুরু। এল নিনো প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে এবং ইতোমধ্যেই জ্বলতে থাকা পৃথিবীকে যেন আরও জ্বালানি যোগ করছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, মধ্য প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বা ৫ দশমিক ২২ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সমুদ্রপৃষ্ঠের এই অস্বাভাবিক উষ্ণতা বৈশ্বিক আবহাওয়ার স্বাভাবিক ধারাকে ব্যাহত করবে এবং বিশ্বের গড় তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে।
বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যমতে, বিশ্বের প্রায় সব স্থলভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হবে। এর মধ্যে আফ্রিকা, দক্ষিণ ইউরোপ, ভারতীয় উপমহাদেশ, পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা সবচেয়ে বেশি।
এই সংকট মোকাবিলায় দেশগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তোনিও গুতেরেস। তিনি জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণকে এই সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে নতুন কয়লা, তেল ও গ্যাস প্রকল্প অবিলম্বে বন্ধ করার জন্য বিশ্বনেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।


























