শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় অবস্থানে মোদী সরকার

- আপডেট সময় : ০৭:১৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও, সেই দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৫৭ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকার তার প্রতি পূর্ণ আস্থা রাখছে এবং তাকে সরানোর কোনো পরিকল্পনা নেই।
আন্দোলনকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো জানিয়েছে, আন্দোলন প্রত্যাহারের প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ। তবে সরকারের অবস্থান স্পষ্ট—এই দাবি মেনে নেওয়া হবে না। সরকারের এক শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “পদত্যাগ গ্রহণ করাই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে। কিন্তু জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব এবং সমস্যার সমাধান করব।”
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করলেও পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র কার্যক্রমে থাকা ত্রুটি ও দুর্বলতা দূর করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্র জানিয়েছে, এনটিএর বিভিন্ন সমস্যা ও ত্রুটি চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হচ্ছে। এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।
এ ছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে সরকার। সংশ্লিষ্ট নেটওয়ার্ক ভেঙে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সরকারি সূত্র জানিয়েছে।



























