শাপলা চত্বরে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত, আসামির তালিকায় শেখ হাসিনা

- আপডেট সময় : ০৮:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম রবিবার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের সেই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত কাজ শেষে তারা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটি খসড়া প্রতিবেদন জমা দিয়েছেন।
আমিনুল ইসলাম বলেন, খসড়া প্রতিবেদনটি এখন চূড়ান্তভাবে যাচাই-বাছাই করা হবে, যাতে একটি সঠিক ও নির্ভুল তদন্ত রিপোর্টের মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা সম্ভব হয় এবং প্রকৃত অপরাধীরা বিচারের মুখোমুখি হন। তিনি আরও জানান, হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ইতিমধ্যে খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে এবং খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এই মামলায় কারা আসামি হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও সাবেক বিজিবি প্রধানসহ বেশ কয়েকজনের নাম এসেছে। বর্তমানে এসব নাম গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর আসামিদের তালিকায় নাম সংযোজন বা বিয়োজন হতে পারে।
নিহতদের সংখ্যা ও পরিচয় প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, প্রাথমিকভাবে তারা নিহত ৬১ জনের একটি তালিকা পেয়েছিলেন। তবে গভীর তদন্তের পর এখন পর্যন্ত ৫৮ জনের সঠিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার এবং মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।




























