সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধে সম্পাদক পরিষদের দাবি
- আপডেট সময় : ০২:২৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা, হুমকি, হয়রানি ও দায়িত্ব পালনে বাধা সৃষ্টির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ ৪ঠা অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ওই ঘটনায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। সম্পাদক পরিষদ স্পষ্ট করে বলেছে যে, সাংবাদিকরা কোনো পক্ষের হয়ে নয়, বরং জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করছিলেন। কোনো সংবাদ বা সাংবাদিকের পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে মতবিরোধ থাকলেও হামলা, হুমকি বা পেশাগত কাজে বাধা দেয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। এটি শুধু একজন পেশাজীবীর ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের জানার অধিকারের ওপর আঘাত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা ও তদন্তের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিষদ বলেছে, তদন্ত অবশ্যই নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও প্রমাণভিত্তিক হতে হবে। হামলায় জড়িতদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।
সম্পাদক পরিষদ তাদের বিবৃতিতে বেশ কিছু দাবি তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে- সাংবাদিকদের ওপর সাম্প্রতিক সব হামলা, হুমকি ও হয়রানির দ্রুত ও নিরপেক্ষ তদন্ত; জড়িতদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা; রাজনৈতিক কর্মসূচি, বিশ্ববিদ্যালয়, আদালত ও প্রশাসনিক কার্যালয়সহ সব জনসমাগমস্থলে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা। এছাড়া সব রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিকের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি একটি মুক্ত, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সমাজের অপরিহার্য শর্ত। ভয়, হুমকি ও সহিংসতার পরিবেশে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।




























