সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০২:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া খান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বেলা ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থী ও নিহতের সহপাঠীরা।
শিক্ষার্থীদের এই প্রতিবাদী কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম এবং সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু। এছাড়া সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক মো. আরাফাত হোসাইন এবং কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম। কর্মসূচিতে জাকারিয়ার পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তার বড় ভাই মো. শাহরিয়ার খান এবং ফুফাতো ভাই তামিম।
উল্লেখ্য, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে জাকারিয়ার সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মারা যান।
এই নির্মম হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই মো. শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযানে নামে এবং ইতিমধ্যে মামলার প্রধান আসামি কিশোর গ্যাং লিডার নাহিদসহ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।



























