চট্টগ্রামে বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্য আল আমিনের মৃত্যু
- আপডেট সময় : ০২:১৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরে বাসের ধাক্কায় চিকিৎসাধীন অবস্থায় আল আমিন নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পিএমও শাখায় কর্মরত ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
এর আগে, গত রোববার সকালে নগরের ওয়াসা মোড় এলাকায় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী এই পুলিশ সদস্য। এই ঘটনায় ঘাতক বাসটির চালক মো. মোশারফ (৩৮) ও সহকারী জয় দাশকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ে একটি তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য। ওই সময় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে সন্দেহজনকভাবে হেঁটে যেতে দেখে তাদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত পেয়ে একজন দৌড়ে জামিয়াতুল ফালাহ মসজিদের মাঠের দিকে পালানোর চেষ্টা করেন।
তখন ওই সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে তল্লাশিচৌকির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিরণ মিয়া মসজিদের উত্তর গেটের দিকে এবং কনস্টেবল আল আমিন মোটরসাইকেল নিয়ে পশ্চিম গেটের দিকে এগিয়ে যান। আল আমিন যখন মোটরসাইকেল নিয়ে ওই ব্যক্তিকে ধাওয়া করছিলেন, ঠিক তখনই লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বাসটি মোটরসাইকেলসহ আল আমিনকে প্রায় ১০০ ফুট দূরে টেনে নিয়ে যায়।
এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাসটির চালক ও সহকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়েছে। বাসের চালক ও সহকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, নিহত পুলিশ সদস্যের লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

























