ভৈরবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম
- আপডেট সময় : ০১:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। সোমবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সরকারি সহায়তা তুলে দেন। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন, ৩৬ হাজার টাকা এবং ১০ কেজি করে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
সহায়তা প্রদানের আগে প্রতিমন্ত্রী ভৈরব পৌর এলাকার চন্ডিবের দক্ষিণ এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৩টি বাড়িঘর পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি জানান, এটি প্রাথমিক পর্যায়ের সহায়তা। ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণসহ পরবর্তী করণীয় নিয়ে প্রধানমন্ত্রী ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আরও সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং যেকোনো বিপদে তারা দ্রুত সাড়া দিয়ে জনগণের পাশে দাঁড়ায়।
উল্লেখ্য যে, গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক গোলযোগের কারণে চন্ডিবের দক্ষিণ এলাকায় আগুন লেগে ১৩টি ঘর ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে।
সহায়তা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক ও মো. নূরুজ্জামান, এবং পৌর বিএনপির সভাপতি হাজী শাহিন ও সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমানসহ অন্যান্যরা।
এর আগে, সহায়তা বিতরণ শেষে প্রতিমন্ত্রী শরীফুল আলম ওই এলাকার হিন্দুপাড়ায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে অবকাঠামোগত উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পৌর প্রশাসক কেএম মামুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ও পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

























