উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মতুয়া প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক
- আপডেট সময় : ১২:২৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে একটি উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের হিন্দু ও মুসলমানদের মধ্যে দীর্ঘদিনের সামাজিক বন্ধন রয়েছে। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সবার ঐক্যের ফলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো ধরনের অপপ্রয়াস শক্তভাবে প্রতিহত করতে হবে।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র সাত মাসের মধ্যেই দেশে সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার এবং এ বিষয়ে নেতিবাচক প্রচারণার চেষ্টা চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, এ ধরনের প্রচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া, পশ্চাৎপদ মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে নির্দিষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান তিনি।



























