হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার
- আপডেট সময় : ১১:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে কোনো ভয়-শঙ্কা না করার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেন। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের বিপদ-আপদে ঢাল হয়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
রোববার সকালে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেলাওয়ার হোসেন বলেন, “আপনারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা পালন করবেন। কোনো দ্বিধা, সংশয় বা ভয় পাবেন না।”
জামায়াতের এই প্রার্থী দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সম্পদ লুটপাটের ঘটনা ঘটেছিল এবং সে সময় জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছিল। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে ধর্মবর্ণ-নির্বিশেষে মানুষের পাশে থাকবেন এবং কেউ উদ্দেশ্যমূলক মিথ্যা মামলা দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষকে হয়রানি করতে পারবে না।
ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গে দেলাওয়ার হোসেন বিএনপি'র সমালোচনা করে বলেন, গত আট মাসে জেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তিনি আরও দাবি করেন যে, বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আগেই হয়েছে। জামায়াতের এই প্রার্থী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগের কথাও উল্লেখ করেন।
নিজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে দেলাওয়ার হোসেন বলেন, তিনি আশ্রয়হীনদের ঘর, অসুস্থদের চিকিৎসা, মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ, বয়স্ক ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার, টিউবওয়েল, রিকশা-ভ্যান, সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন। এসব ক্ষেত্রে ধর্ম-বর্ণের কোনো বিচার করেননি বলেও তার দাবি।
মতবিনিময় সভায় জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, শহর আমির অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম, সদর আমির মাওলানা মিজানুর রহমানসহ দুই শতাধিক মন্দির কমিটির নেতা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় রুহিয়া ও ভূল্লিতেও মন্দির কমিটির নেতাদের সঙ্গে অনুরূপ মতবিনিময় করেন দেলাওয়ার হোসেন।



























